মেয়ের জন্মদিনে সাগর তলে সুস্মিতা সেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ পিএম

ছোট মেয়ে আলিশার দশম জন্মদিনে বিশেষ উপহার দিলেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

সম্প্রতি তারা স্কুবা ডাইভিং করতে যান মালদ্বীপে। সঙ্গী ছিলেন নায়িকার বড় মেয়ে রেনিও।

নীল সমুদ্রের গভীরে সাঁতার কাটার সেই সুন্দর দৃশ্যের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সুস্মিতা। মা-মেয়ের কাণ্ড দেখে প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আলিশাকে শুভেচ্ছা জানালেন।

সুস্মিতা জানালেন, প্রায় পাঁচ বছর আগেই তিনি ও রেনি স্কুবা ডাইভিং শেখেন। তখন আলিশার বয়স মাত্র ৫ বছর। মা ও বোনকে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে যেতে দেখে আলিশারও ইচ্ছা হতো। কিন্তু ইচ্ছা হলেও তো উপায় ছিল না। কারণ স্কুবা ডাইভিংয়ের জন্য ন্যূনতম বয়স ১০ বছর। ফলে প্রথমবার স্কুবা ডাইভিংয়ের জন্য প্রায় ৫ বছর অপেক্ষা করতে হয়েছে আলিশাকে।

সুস্মিতা আরও লেখেন, “আমার মতোই মালদ্বীপেই ও প্রথমবার ডাইভিং শিখল।” এটাও বলেন, “আমার দেখা সবচেয়ে সাহসী ১০ বছর বয়সী আলিশা।”

প্রথম ডাইভে প্রায় ৪১ মিনিট জলে কাটিয়েছে আলিশা। প্রায় ২৯ ফিট গভীর পর্যন্ত নেমে যায়। পুরো সময়টাই তার হাত শক্ত করে ধরে রেখেছিলেন মা সুস্মিতা।

৪৩ বছরের সুস্মিতা ব্যক্তিগত জীবনে অবিবাহিত। রেনি ও আলিশা তার দত্তক মেয়ে। এই নায়িকা বর্তমানে মডেল রহমান সলের সঙ্গে প্রেম করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত