উপনির্বাচন: জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে উত্তপ্ত রংপুর-৩

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮ পিএম

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর -৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এদিকে, উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর জেলার নেতৃবৃন্দ।

উপনির্বাচনের মনোনয়ন নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের পরিবারের মধ্যে শুরু হয়েছে গৃহ দাহ। নির্বাচনে সাদ এরশাদকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়েছেন এশাদের ছোট ভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে ও রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে নির্বাচিত সাবেক এমপি আসিফ শাহারিয়ার।

রংপুর মহানগর জাতীয় পার্টিও সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, রংপুরের স্থানীয় প্রার্থী ছাড়া বহিরাগত কাউকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন দিলে তার পক্ষে না থাকার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে আসিফ শাহারিয়ারকে মনোনয়ন দেওয়ার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টির রংপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলকারীরা সাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

সমাবেশে আসিফ শাহারিয়ার বলেন, কিছু দালাল, বহিরাগত ও সুবিধাভোগী একজন ভাড়া করা লোককে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রংপুরের মানুষ এখন বুঝতে পেরেছে, দলের বাইরের কাউকে মনোনয়ন দিলে তারা তা মেনে নেবে না।

অন্যদিকে, জাপার একটি অংশ সাদ এরশাদকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে। আর একটি অংশ স্থানীয় জাতীয় পাটির নেতা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াছির আহমেদকে মনোনয়ন দেয়ার দাবিতে গোটা শহরে ব্যানার পোস্টার টানিয়েছে।

মনোনয়ন নিয়ে সোমবার রাতে সাদ এরশাদের কুশ পুত্তলিকা দাহ করার ঘটনাকে কেন্দ্র করে রংপুর সদর উপজেলার পালিচড়া বাজারে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়।

এদিকে, উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের রংপুর জেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর দেয়া আবেদনপত্রের মাধ্যমে এ দাবি জানান পূজা উদ্‌যাপন পরিষদ।

এ ব্যাপারে পরিষদের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। পরের দিন পূজার সপ্তমী। ওই দিন উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রংপুর সদর ও মহানগরীর হিন্দু সম্প্রদায়ের ৭০ হাজার ভোটারের ভোট প্রদানে বিঘ্ন ঘটবে।’

এদিকে নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এ. সাহাতাব উদ্দিন বলেন, পূজা উদ্‌যাপন পরিষদ একটি লিখিত আবেদন করেছে। আমি তাদের আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের অবগত করব।

উল্লেখ্য, গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত