পাল্লেকেলেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল কিউইরা। ম্যাচে ৯ উইকেটে ১৬১ রানে আটকে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৪র্থ উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোম ও টমি ব্রুসের ১০৯ রানের জুটিতে ভর করে ম্যাচ জেতে কিউইরা।
রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৩৮ রানে নেই ৩ উইকেট। ৩টি উইকেটই শিকার আকিলা দনাঞ্জয়ার। সেই চাপ সামলে চতুর্থ উইকেটে ১০৯ রানে জুটি গড়েন গ্র্যান্ডহোম ও ব্রুস। এরপর দলীয় ১৪৭ রানের মাথায় ফেরেন গ্র্যান্ডহোম (৫৯)। শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ৭ রান। ওভারের প্রথম বলে ব্রুস (৫৩) রানআউটে ফেরেন। পরের বলে ফেরেন ড্যারেল মিচেলও (১)। কিন্তু এরপর স্যাটনারের ১ চার ও ১ ছক্কায় ২ বল বাকি থাকতে ম্যাচ জেতে কিউইরা।
এর আগে মেন্ডিসের ২৬, আভিস্কা ফার্নান্দোর ২৫ বলে ৩৭ এবং নিরোশান ডিকভেলার সর্বোচ্চ ৩০ বলে ৩৯ রানে লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা। কিউই পেসার রেন্স সর্বোচ্চ ৩টি ও সাউদি, কুগেলিন ২টি করে উইকেট নেন। ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা টিম সাউদি।
