ফেইসবুক পোস্টে লাইক সংখ্যা দেখা যাবে না!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৬ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ফেইসবুক লাইক মানুষের প্রতিদিনের জীবনযাত্রাকে করছে দারুণভাবে প্রভাবিত। কখনো জন্ম দিচ্ছে ভালোবাসার, কখনো আবার কারণ হয়ে দাঁড়াচ্ছে হিংসে-বিদ্বেষ-দাঙ্গার। ব্যবহারকারীদের মাত্রাতিরিকক্ত লাইক-আসক্তি নিয়ে চিন্তিত ফেইসবুক যা কার্যতই এক সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি নিতে পারে দারুণ একটি উদ্যোগ। যা বদলে দিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব হিসাব-নিকাশ। খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে ফেইসবুক পোস্টের মোট লাইকের সংখ্যা হয়তো আর দেখা যাবে না শুধু মূল পোস্টকারী তার পোস্টে কী পরিমাণ লাইক জমা হয়েছে তা দেখতে পারবেন। তবে তড়িঘড়ি করে নয়, ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে ফেইসবুক এটা বাস্তবায়ন করে দেখতে পারে। ফেইসবুকের আরেক সহযোগী প্রতিষ্ঠান ইন্সটাগ্রাম বেশ কিছু দেশে অনুরূপ একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। টেস্টিং পর্যায়ে থাকা ওই কার্যক্রমের মাধ্যমে ইন্সটাগ্রামের ব্যবহারকারীরা পোস্টে টোটাল রিয়েকশনের সংখ্যা দেখতে পারছেন না দেখতে পারছেন শুধু মূল পোস্টকারী! যদিও ইন্সটাগ্রামের মতো নিজেদের নিউজফিডেও এমন পরিবর্তনের ব্যাপারে ফেইসবুক কোনো অফিশিয়াল সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি। তবে বেশ কিছু সূত্রে জানা গেছে, ফেইসবুক এবং ইন্সটাগ্রাম দুটো প্রতিষ্ঠানই সামাজিক যোগাযোগে অতিবাহিত সময়কে আরও অর্থবহ করতে চায় তাদের ব্যবহারকারীদের জন্য। এক্ষেত্রে শুধু ‘লাইক’ বিবেচনা করে তাদের এক অদৃশ্য প্রতিযোগিতায় ফেলতে চায় না।

তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এখনো পুরোপুরিভাবে পরীক্ষামূলক ধাপে থাকা এই পদক্ষেপ ফেইসবুক নিতে কতটা সাহস দেখাবে তাও ভাবনার বিষয়। কেননা, এতে করে হঠাৎ করেই মূল ব্যবহারকারীদের একটা বড় অংশ ফেইসবুক বিমুখ হয়ে যেতে পারে। সরে যেতে পারে অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত