জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করে সংসদে চিঠি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ এএম

জাতীয় পার্টির (জাপা) বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করে সংসদে চিঠি দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে দলের প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এই চিঠি দেন। তার সঙ্গে ছিলেন দলটির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার, শরিফুল ইসলাম ও জিন্না। এ সময় জাতীয় পার্টির ১৫ জন সংসদ সদস্যের সম্মতিপত্র চিঠিতে আলাদা আলাদা করে সংযুক্ত করে দেওয়া হয়। স্পিকার দেশের বাইরে থাকায় স্পিকারের দপ্তরের কর্মকর্তারা চিঠিটি গ্রহণ করেন। এছাড়া সংসদ সচিবের কাছেও চিঠির একটি কপি দেওয়া হয়।

তাদের সঙ্গে থাকা এক কর্মকর্তা বলেন, চিঠিতে সংসদের বিরোধীদলীয় নেতা করা হয়েছে জি এম কাদেরকে আর উপনেতা বেগম রওশন এরশাদই।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর নানা মতবিরোধের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হন জি এম কাদের। পরবর্তী সময়ে সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়েও তৈরি হয় বিরোধ। এর মধ্যেই জি এম কাদেরের পক্ষে বেশিরভাগ এমপির স্বাক্ষর নিয়ে সংসদে চিঠি জমা দিল দলটি। জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্যের মধ্যে ১৫ জনের স্বাক্ষর নিয়ে চিঠি জমা দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত