বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে নীতিমালাটি একটি অবান্তর, অগ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী বলে দাবি করা হয়।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর নজরুল ইসলাম বলেন, একজন শিক্ষক পিএইচডি, গবেষণা বা জার্নাল বের করতে যথেষ্ট পরিমাণ অর্থ সহায়তা পায় না। আমার প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩শত শিক্ষকের গবেষণার জন্য ইউজিসি মাত্র ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে তাহলে একজন শিক্ষকের ভাগে কত পড়ে? যথেষ্ট সাপোর্ট বা পরিবেশ সৃষ্টি না করেই এমন পদোন্নতির নীতিমালা অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, শিক্ষকদের মতামত না নিয়ে ইউজিসি শিক্ষকদের জন্য নীতিমালা করে কিভাবে। বিষয়গুলো আমাদের বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে হয় বিষয়টা দুঃখজনক। তিনি শিক্ষকদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন একই গ্রেডের হওয়া সত্ত্বেও শিক্ষকরা সরকারি কর্মকর্তাদের মতো সুবিধা পায় না।
বিশ্ববিদ্যালয়ের যেমন আলাদা ক্রাইটেরিয়া আছে ঠিক শিক্ষক নিয়োগ ও নীতিমালাও আলাদা থাকা প্রয়োজন, নতুবা এরূপ আইন বাস্তবায়নের ফলে মেধাবীরা শিক্ষকতা পেশা বিমুখ হয়ে পড়বে, এরূপ সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলন করা হবে।
