লন্ডনে ভারতীয় হাইকমিশনে জুতা পাথর নিক্ষেপ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় তারা হাইকমিশন লক্ষ করে জুতা, পাথর, ডিম ইত্যাদি নিক্ষেপ করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এ নিয়ে দ্বিতীয়বার সহিংস প্রতিবাদী বিক্ষোভের ঘটনা ঘটল। প্রথমবার হয়েছিল গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে।

মঙ্গলবার বিক্ষোভকারীদের সহিংসতায় হাইকমিশনের জানালার কাচ ভেঙে গেছে, এমনকি একটি জানালার গ্রিল ধসে পড়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পতাকা এবং তারা স্বাধীনতার সেøাগান দিচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন এক টুইট বার্তায় লিখেছে, ‘আজ ৩ সেপ্টেম্বর লন্ডনের ভারতীয় হাইকমিশনে আরও একটি সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। হাইকমিশন চত্বর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের কাচ ভেঙেছে।’

ভারতীয় হাইকমিশনে গতকালের সহিংস বিক্ষোভের প্রতিবাদ করে নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সহিংসতার ঘটনাকে অগ্রহণযোগ্য অভিহিত করে তিনি বলেন, ‘আমি অগ্রহণযোগ্য এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত