লম্বা রেসে ঐশী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৭ পিএম

এলেন, জয় করলেন তারপর হারিয়ে গেলেন। এমন তারকা আমাদের শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক আছে। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী সেই দলের হতে চান না। তিনি থাকতে চান লম্বা রেসে। এই সজীব তারকাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ

মিস ওয়ার্ল্ড ২০১৯-এর মঞ্চে বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশীর বক্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিশ্ব সুন্দরীর তকমা না পেলেও তিনি রাতারাতি পেয়ে যান তারকাখ্যাতি। শুধু তাই নয়, একটা আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হন এ দেশের মানুষের হৃদয়ে। এরপর সেই ভালোবাসা নিয়ে কাজ করছেন সিনেমা, টিভিসি ও মিউজিক ভিডিওতে। তার কাজের প্রতি দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। এরই মধ্যে শেষ করেছেন আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর সিক্যুয়াল ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কাজ। এটি এ বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। তবে আগামী বছরের শুরুর দিকেই পর্দায় চিত্রনায়িকা হিসেবে দেখা দেবেন ঐশী। এ সিনেমায় নিজের চরিত্র নিয়ে এখনো কিছুই বলতে নারাজ তিনি।

এটি যেহেতু অ্যাকশন সিনেমা, সেহেতু নায়ক আরিফিন শুভর মতো আপনাকেও কোনো অ্যাকশন দৃশ্যে পাওয়া যাবে কি না জানতে চাইলে ঐশী চতুর কণ্ঠে জবাব দেন, ‘যতক্ষণ সিনেমাটি মুক্তি না পাচ্ছে ততক্ষণ এ সিনেমায় আমার চরিত্রটি চমক হিসেবেই থাক। অ্যাকশন দৃশ্য করেছি নাকি অন্য কিছু তা সবই পর্দায় দেখবেন দর্শকরা।’

তবে মিশন এক্সট্রিম সিনেমা সম্পর্কে না জানা গেলেও অনেক কিছুই জানা গেছে তার পরের মুভি ‘আদম’ নিয়ে। এতে একজন আশির দশকের গ্রামের নারীর চরিত্রে দেখা যাবে ঐশীকে। এখন সিনেমার কাজেই ময়মনসিংহের এক প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তিনি। তার জন্ম ও বেড়ে ওঠা মফস্বল শহরে। তাই এ চরিত্রটি করা তার জন্য তুলনামূলক সহজ কি না জানতে চাইলে ঐশী বলেন, ‘একদমই না। কারণ আশির দশকের একটি গ্রামের মেয়ে কেমন ছিল তা আমি কীভাবে দেখব? তখন তো আমার জন্মই হয়নি। তবে আমি অনেকবার পরিচালকের সঙ্গে কথা বলেছি চরিত্র নিয়ে। আর নিজের চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে অভিনয় করছি। সবচেয়ে সাহায্য করছে মেকাপ আর শ্যুটিংয়ের এলাকার পরিবেশ। এ দুটি দেখে আমি অনায়াসেই চরিত্রটির মানসিকতা ধরতে পারছি।’

এ সিনেমা নিয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে এ সিনেমায় আমার একটি দৃশ্য প্রকাশ হয়েছে। তা দেখেই সবাই বুঝতে পারবেনÑ বাস্তব জীবনের চেয়ে কতটা আলাদা চরিত্র এটি। একেবারেই গ্ল্যামারহীন চরিত্র। আমার আসল গায়ের রঙের চেয়ে কয়েকগুণ কালো মেকাপ দিতে হয়েছে চরিত্রটি ফুটিয়ে তুলতে। স্থিরচিত্রটি সবাই ভীষণ পছন্দ করেছেন।’

আদম সিনেমার ঐশীর যে ছবিটি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে অজপাড়াগাঁয়ের একটি মেয়ে গোবরকাঠি তৈরি করছে। আবু তাওহীদ হিরণ পরিচালিত এই মুভিতে তার বিপরীতে অভিনয় করছেন ‘স্বপ্নজাল’খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। ঐশী বলেন, ‘আমি নিজেকে ভাঙতে পছন্দ করি। এই মুভির গল্পটি ঠিক এমনই এক গল্প। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র “মিশন এক্সট্রিম”-এ নিজেকে উপস্থাপন করেছি একরূপে। এবার ঠিক এর উল্টো রূপে দর্শক আমাকে দেখবে। এ ধরনের চরিত্র পাওয়াটা সহজ নয়। আবার অনেকে এ ধরনের চরিত্র করতেও চায় না। কিন্তু আমি সাহস করে করছি। ক্যারিয়ারের একেবারেই শুরু থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হতে চেষ্টা করছি। যাতে নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে পারি।’

এ ধরনের একটি চরিত্রে কাজ করা প্রসঙ্গে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বলেন, ‘গোবর হাতে ধরা তো দূরের কথা, এর ধারেকাছেও যাইনি। কিন্তু শ্যুটিংয়ের প্রয়োজনে সেই গোবর হাতে নিয়ে গোবরকাঠি জ¦ালানি তৈরি করতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শ্যুটিংয়ের আগে যখন শুনলাম কাঁচা গোবর দিয়ে মশাল তৈরি করতে হবে, মনে করেছিলাম নির্মাতা হয়তো গোবরের বদলে অন্য কিছু দিয়ে দৃশ্যটি ধারণ করবেন। কিন্তু পরে দেখলাম...! দৃশ্যটা শেষ হওয়ার পর সেটে যারা ছিলেন প্রত্যেকের গালে গোবর লাগিয়ে দিয়েছি। সেখানে অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছিল।’

ঐশী-রোহানের পাশাপাশি ‘আদম’ মুভিতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্রসহ অনেকে।

নির্মাতা আবু তাওহীদ হিরণ জানান, ২৭ আগস্ট থেকে ময়মনসিংহে এর শ্যুটিং হয়েছে, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। মুভিটি প্রযোজনা করছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ।

‘মিশন এক্সট্রিম’ ও ‘আদম’ ছাড়াও ঐশীর হাতে রয়েছে ‘স্বপ্নবাজী’ সিনেমাটি। এখনো এর শ্যুটিং শুরু হয়নি। এতে তাকে গ্ল্যামারাস মডেল হিসেবে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত