প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের মধ্যকার বিরোধে মুসলমানরা রক্ত ঝরাচ্ছে আর এ থেকে সুবিধা ভোগ করছে অন্যপক্ষ বা অন্য কোনো দেশ। গতকাল বুধবার ঢাকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহর ঐক্য দরকার। মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ-সংঘাত চলছে, এ সুযোগে থার্ড কান্ট্রি বা থার্ড পার্টি (তৃতীয়পক্ষ) লাভবান হচ্ছে। মুসলমানরা নিজেদের মধ্য রক্ত ঝরাচ্ছে আর অন্যরা এ থেকে সুবিধা ভোগ করছে। এ সময় মুসলমানদের মধ্যে সমস্যা ও সংঘাত নিজেরাই দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, এর জন্য কোনো রক্তপাতের প্রয়োজন নেই।
মুসলমানদের নিজেদের মধ্যে সংঘাত বন্ধে ওআইসিকে (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের মধ্যে সংঘাত বন্ধে ওআইসির এগিয়ে আসা উচিত। এ সময় বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করেন শেখ হাসিনা। জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা প্রায় এক লাখ সন্তান জন্ম দিয়েছে বলে জানান তিনি।
দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণই তার লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশ রেখে বাংলাদেশের জিডিপি ৮ দশমিক ১ শতাংশ অর্জনের কথা উল্লেখ করেন তিনি।
ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক। বাংলা ভাষায় অনেক ফারসি শব্দ থাকার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শুভেচ্ছা পৌঁছে দেন মোহাম্মদ জাভেদ জারিফ।
দুই দেশের মধ্যকার সুসম্পর্কের কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান-বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তিনি। ইরান সৌদি আরবসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায় জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্য চাই। সৌদি আরবসহ সব প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই। কোনো বৈরী চাই না।
মুসলিম দেশগুলোকে অস্ত্রের পেছনে অর্থ খরচ না করে তা জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অস্ত্রের জন্য টাকা খরচ করতে চাই না। এ টাকা দিয়ে জনকল্যাণ করতে চাই। এ সময় ওআইসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ইরানি মন্ত্রী।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি দৃষ্টান্তমূলক অর্জন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইরান সেমিনার করবে বলেও জানান তিনি। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন জাভেদ জারিফ।
ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
×
