রাশিদের অদ্ভুত উইকেটদর্শন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩২ এএম

অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেনের সেই ছবিটা কি আপনার মনে এখনো গেঁথে আছে? সেই যে টেস্টের আগের দিন গভীর ধ্যানমগ্ন ঋষির মতো উইকেটে বসে থাকতেন। তপস্বী হেইডেন, মানসপটে গেঁথে নিতেন আবহ, বাতাসের প্রকৃতি। কল্পনায় টেনে এনে মনে মনে খেলে নিতেন প্রতিপক্ষের বোলারদের। হেইডেন বলতেন, তাতে তার কাজ হতো। কিন্তু রাশিদ খানের কালকের অদ্ভুত উইকেটদর্শনের ব্যাপারে কী বলবেন?

আগেই সংবাদ সম্মেলনে বলে এসেছেন, এই উইকেটে বল টার্ন নিতে পারে মাইলখানেক।  আরও পরে তাদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ অ্যান্ডি মোলস দুই ক্র্যাচে ভর করে গেছেন উইকেট দেখতে। তার সঙ্গে রাশিদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল কিউরেটর জাহিদ রেজা বাবুও সেখানে হয়েছেন উপস্থিত। কিছুক্ষণের মধ্যে উইকেট ঘিরে দাঁড়ানো আরও কয়েক আফগান খেলোয়াড়। পরের দিন বাংলাদেশের বিপক্ষে তাদের ইতিহাসের প্রথম টেস্ট। যেখানে খেলা সেই উইকেটকে নিবিড়ভাবে দেখে নেওয়া চাই!

নিজেদের মধ্যে আলোচনা চলছে। কেউ উইকেট টিপছেন যেমন রোগীর নাড়ি টিপে রোগ নির্ণয়ের চেষ্টায় থাকেন চিকিৎসক। এর মধ্যে দেখা গেল উইকেট ঘেঁষে শুয়ে পড়লেন আফগানদের ২০ বছর বয়সী অধিনায়ক রাশিদ খান। বিশ্বখ্যাত লেগ স্পিনার সামান্য কানও পাতলেন। এরপর আধশোয়া হয়ে থাকলেন এল শেপের মতো ওপরে ওঠা ডান হাতের তালুতে ভর দিয়ে। ওভাবে আলোচনা চলল তার। দূর থেকে আগ্রহীরা দেখেন। কৌতূহলী ফটো সাংবাদিকের শাটারের শব্দ জানান দেয়, ছবি পেয়েছে তার ক্যামেরা। এরপর সবাই ফিরতে উদ্যত। রাশিদও হাত ঝেড়ে উঠে দাঁড়ান। প্রশ্ন জাগে মনে, এর আগে কোনো ক্রিকেটারকে কি এভাবে শুয়ে শুয়ে টেস্ট উইকেট বিচার-বিশ্লেষণ করতে দেখা গেছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত