প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে (বিসিএসসিএল) বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ‘প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ যথাসম্ভব ত্রুটিমুক্ত করে চাহিদা মেটানোর মতো অবস্থানে কাজে লাগাতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি, স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-এ কী কী থাকা উচিত, আগামী ১৫ বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর লাইফটাইম শেষ হওয়ার বিষয় মাথায় রেখে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতার পটপরিবর্তনের কারণে সেই কর্মসূচিটি আর বাস্তবায়িত হয়নি। কিন্তু ২০০৯ সালে তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় আসার পর বাংলাদেশকে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী গর্বিত দেশ হিসেবে তুলে ধরেছেন।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখন থেকেই ভাবতে হবে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগোতে হবে। স্যাটেলাইট পরিচালনায় আমাদের তরুণদের দক্ষতা অর্জনের যে ক্ষমতা, সেটাই আমাদের শক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে আমরা কী অর্জন করতে চাই, আজকের মতবিনিময় থেকে অর্জিত ফল ও পরামর্শ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় স্পেস ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে এ-বিষয়ক মানবসম্পদের অভাব পূরণের ব্যবস্থা নিয়েছেন।’
