সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা নজরুলসহ পাঁচ হত্যা মামলার আসামি কবিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদরের কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কবিরুল ইসলাম সদরের কুচপুকুর এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবিরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে।
সম্প্রতি তিনি জেলখানা থেকে জামিনে মুক্তি পান। বুধবার মধ্যরাতে কুচপুকুর এলাকায় দুইদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কবিরুল ইসলাম নিহত হন।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান ওসি।
