পাকা বংশীবাদক শিখর ধাওয়ান! (ভিডিও)

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৯ পিএম

ব্যাট হাতে বাইশ গজে বোলারদের ঘুম কেড়ে নেন তিনি। কিন্তু শেখর ধাওয়ান যে বংশীবাদক হিসেবেও পাকা সেটা কে জানত! সত্যি তাই। পাকা বংশীবাদকের মতো সুরের মূর্ছনায় সবার মন জয় করে নিলেন টিম ইন্ডিয়ার তারকা এই ব্যাটসম্যান।

নিজের  ইনস্টাগ্রামে বাঁশি বাজানোর একটি ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। সামনে সুদূর-বিস্তৃত সমুদ্র। হাওয়ায় দোদুল্যমান নারকেল গাছের সারি। সমুদ্র ও আকাশের নীল রঙ যেন মিশে গিয়েছে দিগন্তে। আর তারই মাঝে কোনো এক উঁচু বাড়ির ছাদে বা বারান্দায় শিখর। ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে। সুর তুলেছেন পাকা বংশীবাদকের মতো!

বাঁশির সুর থেকে স্পষ্ট বোঝা যায় ব্যাটিংয়ের পাশাপাশি বাঁশি বাজানোর অনুশীলনেও কমতি নেই ধাওয়ানের। চারপাশের নৈসর্গিক দৃশ্য তার সুরের জাদুতে যোগ করল এক ভিন্ন মাত্রা। শিখরের সুর ও প্রাকৃতিক সৌন্দর্যের কম্বিনেশনে এক কথায় বোল্ড নেটিজেনরা।

মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বংশীবাদক ধাওয়ানের ভিডিও। তবে  তার ডাই-হার্ড ফ্যানদের কাছে এটা নতুন খবর নয়। জানা গিয়েছে প্রায় ৪ বছর ধরেই বাঁশি বাজানোর তালিম নিচ্ছেন ধাওয়ান। ব্যাট হাতে নেট প্র্যাকটিসের মতোই বাঁশি হাতে চলে চর্চা। তালিম নেন গুরু বেণুগোপালের কাছে। এভাবেই ধীরে ধীরে বাঁশির সুর রপ্ত করেছেন ধাওয়ান।

গত বছর জুনে সেই তালিম পর্বের একটি ভিডিও পোস্ট করেছিলেন ধাওয়ান। সেখানে প্রশিক্ষকের সঙ্গে বাঁশির সুর ফুটিয়ে তুলতে দেখা যায় তাকে। “এখনও আমাকে অনেকটা শিখতে হবে, কিন্তু শেখা শুরু করতে পারায় আমি খুশি”- বলেছিলেন শিখর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত