আফগানদের রান বেশি মনে হচ্ছে না তাইজুলের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৮ পিএম

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। ৫ উইকেটে ২৭১ রান করে প্রথম দিন শেষ করেছে দলটি। অল স্পিন অ্যাটাকে আফগানদের ঘায়েলের পরিকল্পনা থাকলেও প্রথম দিনে সেটি কাজে এসেছে তা বলার উপায় নেই। তবে দিন শেষে আফগানিস্তান খুব বেশি রান করেছে এমনটা মানতে নারাজ স্পিনার তাইজুল ইসলাম।

প্রথম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। এ সময় এই বাঁহাতি স্পিনার বলেন, ‘আমার কাছে মনে হয় রানটা কমই হয়েছে। বোলাররা অনেক ভালো বল করেছে।’

একটু অবাক জাগানিয়া কথাই বটে। আসলে তাইজুল এদিন যা বলেছেন সবই বিস্ময়ের মতো লেগেছে। সকালটা অবশ্য তাইজুলের হাত ধরে সুন্দরই ছিল বাংলাদেশের জন্য। প্রথম সেশনে স্বাগতিকেরা তিন উইকেট তুলে নেয়। যার দুটিই তাইজুলের। দেশের হয়ে দ্রুততম সময়ে ১০০ উইকেটের মাইলফলকও গড়েছেন তিনি।

তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশ পারেনি কোনো উইকেট তুলে নিতে। যেখানে ছড়ি ঘুরিয়েছেন রহমত শাহ ও আসগর আফগান। তৃতীয় সেশনের শুরুতে দেশের হয়ে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়ে সাজঘরে ফেরেন রহমত। তবে আসগর আফগান ৮৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তিনিও বার্তা দিচ্ছেন সেঞ্চুরির।

তবে তাইজুল দ্বিতীয় দিন মিরাকল কিছুর আশায় আছেন। একটু হেসে তো বলেই ফেললেন, ১০ রানে ৫ উইকেট নিলেই তো হয়ে গেল। পরে তার ব্যাখ্যাও টানলেন, ‘ক্রিকেটে মিরাকল যে নেই তা কিন্তু না। কখনো হয়নি তাও নয়। হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। নাঈম আজকে দুই বলে দুই উইকেট (এক ওভারে দুই উইকেট) পায়নি? ভালো ভালো ব্যাটসম্যান ছিল, দুজনই আউট হয়ে গেছে।’

আফগানরা যে রান করেছে তা প্রত্যাশার বাইরে যায়নি বলেও মন্তব্য করেন তাইজুল, ‘না, প্রত্যাশার বাইরে যায়নি। উইকেট এখন মুখস্থ উইকেট হয়ে গেছে। উইকেটে যদি মাঝে মাঝে টার্ন করত ও মাঝে মাঝে সোজা যেত, তাহলে হয়তো উইকেটের সংখ্যা বেশি থাকত। এখন উইকেটের যে অবস্থা, তাতে বল একই রকম হচ্ছে। তাই ওরা মুখস্থের মতো খেলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত