এবারও অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের নিয়ে দেশব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে করপোরেট হাউজ ইউনিলিভার বাংলাদেশ। ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ দেশের আটটি বিভাগে শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। আয়োজকরা জানান, এবার দেশের ১৭২টিরও বেশি স্কুল অংশ নেবে দু’পর্বের এই আসরে। প্রথম পর্ব অর্থাৎ প্রতিটি বিভাগে নিজেদের মধ্যে খেলার পর সেরা দুটি করে দল চলে আসবে চূড়ান্ত পর্বে। ঢাকায় ২২ অক্টোবর শুরু হবে চূড়ান্ত পর্ব। এ বছর এই আসর থেকে বেছে নেওয়া সেরা ছয় ফুটবলারকে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমিতে স্বল্পকালীন প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। সুবর্ণ এই সুযোগ করে দিতে ইউনিলিভারের পাশে এসে দাঁড়িয়েছে ম্যানসিটির স্পন্সর টেকনো মোবাইল। গতকাল রাজধানীর একটি হোটেলে আসরের বিশদ তুলে ধরা হয়। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এতে উপস্থিত ছিলেন।
গেলবার এই আসরে নজরকাড়া ৩৫ ফুটবলারকে নিয়ে বিকেএসপিতে বুট ক্যাম্প আয়োজন করেছিল বাফুফে এবং ইউনিলিভার। সেবার ম্যানসিটিতে যাওয়ার সুযোগ না থাকলেও ওই আসরের সেরা খেলোয়াড় রাজশাহীর সোনাদীঘি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জোগেন লাকড়া ব্রাজিলের বিখ্যাত গামা ফুটবল ক্লাবে এক মাস প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন। ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর-পার্সোনাল কেয়ার নাফিস আনোয়ার বলেন, ‘গতবারের সফলতা আমাদের দারুণভাবে উদ্দীপ্ত করেছে আরও বড় পরিসরে আসরটি আয়োজনের। এই উদ্যোগের মধ্য দিয়ে আমাদের ব্র্যান্ডের প্রচার যেমন বাড়বে, একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকেও এটা আমরা করছি। তাছাড়া এর মধ্য দিয়ে যদি দেশের ফুটবল খানিকটা উপকৃত হয়, সেটাই হবে বড় সার্থকতা।’
এই আসর থেকে বাফুফের কোচরা ৩৫ ফুটবলার বেছে নিয়ে তিন সপ্তাহব্যাপী একটি বুট ক্যাম্প পরিচালনা করবেন বিকেএসপিতে। এরপরই ৫টি পজিশনের সেরা ৬ জনকে বেছে নেওয়া হবে ম্যানসিটি অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য। এ প্রসঙ্গে টেকনো মোবাইলের বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সিশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, ‘টেকনো ছয় বছর ধরে ম্যানসিটির স্পন্সর হিসেবে আছে। বাংলাদেশে এবারই প্রথম আমরা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হলেও আফ্রিকায় আমাদের বিশাল সম্পৃক্ততা রয়েছে। আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একজন গোলরক্ষক, একজন ডিফেন্ডার, দুজন উইঙ্গার, একজন মিডফিল্ডার এবং একজন স্ট্রাইকার বেছে নেব ম্যানসিটি সফরের জন্য। যেখানে অ্যাকাডেমিতে প্রশিক্ষণ ছাড়াও ম্যানসিটির একটি ম্যাচ দেখার সুযোগ পাবে কিশোররা।’ বাফুফে সভাপতি সালাউদ্দিন এই আয়োজনের সাফল্য কামনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
