সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইমতিয়াজকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদের এ কর্মকর্তাকে বদলি করা হয়। বিসিএস (প্রশাসন) ৩০তম ব্যাচের এ কর্মকর্তাকে নিয়ে গতকাল বৃহস্পতিবারই দেশ রূপান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউএনওর প্রতারণা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠার পর এ-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পায়। এ ছাড়া
অভিযোগকারী নারীকে না জানিয়ে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে লাখ লাখ টাকা লেনদেনের প্রমাণও মিলেছে। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ সিভিল সার্ভিসের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হয়েছে বলেও মতামত দেন তদন্ত কর্মকর্তা। সিলেটের বিভাগীয় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানও দেশ রূপান্তরকে বলেন, ‘এ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তবে গতকাল আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সমমর্যাদার পদে বদলি করা হয়। তাকে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কার্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে সহকারী নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইমতিয়াজ।
