তিশার ‘মায়াবতী’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫০ পিএম

মায়াবতী হয়ে হাজির হচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমায় তিশাকে দেখা যাবে এক সংগ্রামী নারীর চরিত্রে। ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে এ সিনেমাটি। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’-এর মতো বিষয়কে ঘিরে।

তিশা বলেন, ‘এই সিনেমার গল্প গড়ে উঠেছে বাস্তবতার আলোকে। আমার এই সিনেমাটি দেখলে আপনার মনে হবে এই গল্প আপনার জানা। আপনার পরিচিত কোনো না কোনো এক বাস্তবতার সঙ্গে মিলে যাবে এই ছবির গল্প আর মায়া চরিত্র।’

তিনি আরও বলেন, ‘এটি সামাজিক বক্তব্যনির্ভর একটি সিনেমা। এই সিনেমার মূল বক্তব্য হচ্ছে আপনাকে না বলে ঘুরে দাঁড়াতে হবে। নিজের অধিকার রক্ষায় নিজেকেই সচেতন হতে হবে।’

গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত হয় ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলার। এতেই ইঙ্গিত দেওয়া হয়েছে ছবিটির গল্পের। যেখানে একটি সাধারণ মেয়ে মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে ওঠার কাহিনী উঠে আসবে।

তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে ইয়াশ রোহান বলেন, ‘আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করব, কি জানি কী হয়। কিন্তু কাজ করতে গিয়ে এটা ফিল করিনি যে, তিনি অনেক অভিজ্ঞ আর আমি কম অভিজ্ঞ। এটা তিনি ফিল করতে দেননি। তবে কাজের সময় আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তিনি। অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি।’

পরিচালক জানান, ‘ওমেন ট্রাফিকিং’-এর মতো বিষয়কে ঘিরে এর চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি ও বিক্রি হয় দৌলতদিয়ার রেডলাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সঙ্গে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’।

মায়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ট্রেলারের সংলাপেও তিশা জানান কীভাবে তিনি মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে উঠলেন!

জানা যায়, গল্পের প্রতি বিশ্বস্ততার কারণে দৌলতদিয়ার রেডলাইট এরিয়াতে শুটিং করেছেন এ ছবির শিল্পী-কলাকুশলীরা। এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী তিশা এবারই প্রথম কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন। ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহানের বিপরীতেও তিশার এটি প্রথম চলচ্চিত্র। ছবির চিত্রগ্রহণে ছিলেন তানভীর আনজুম। নির্মাতা সূত্রে জানা গেছে, দেশে মুক্তি পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে ‘মায়াবতী’ ছড়িয়ে দেওয়ার প্রস্তুতিই শুরু হয়ে গেছে। সারা দেশে এ ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত