শেকৃবিতে তথ্যমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান এখন আক্ষেপ করে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৭ এএম

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আজ বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান আক্ষেপ করে, আর ভবিষ্যতের সমগ্র বিশ্ব অবাক তাকিয়ে দেখবে এ দেশের বিস্ময়কর অগ্রগতি।’ গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা দেখিয়েছেন, তা বাস্তবায়নে আজকের এই শিশু-কিশোরদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তাদের হাত ধরে বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানায় শুধু পৌঁছেই যাবে না, সেই ঠিকানা অতিক্রম করতে পারবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ জন্য প্রয়োজন আমাদের শিশু-কিশোরদের জঙ্গিবাদ, মৌলবাদ, মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে মুক্ত রেখে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করা, যে কাজকে খেলাঘর ও এ ধরনের উদ্যোগ অনেক এগিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, জীবন মানেই যুদ্ধ। আমি পারবই এমন প্রত্যয়ে বুক বেঁধে এগিয়ে চলতে হবে লক্ষ্যের দিকে। জয় আসবেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহমেদ, খেলাঘরের উপদেষ্টা সেলু বাসিত, খেলাঘর মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান ও শিশু সংগঠক রহমান মুস্তাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত