সংবাদ সম্মেলনে রিজভী

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২১ এএম

মহাসড়ক থেকে টোল আদায় করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন তাকে গণবিরোধী আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জনগণের পকেট কাটতেই সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে উল্লেখ করে অবিলম্বে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা জনগণকেই দিতে হবে। তাদের পকেট থেকেই এ টাকা নেবে পরিবহন মালিকরা। এটা জনগণকে ট্যাক্সবন্দি করার নতুন ফন্দি। এর ফলে মহাসড়কে যানজটের তীব্রতা আরও বাড়বে, সময়ও নষ্ট হবে।

মহাসড়ক থেকে যে টোল আদায় হবে তার কত শতাংশ সরকারি কোষাগারে জমা পড়বেÑ এমন প্রশ্ন রেখে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার নিজেরা টাকা ওঠালে সেখানে দুর্নীতির কারণে নয়-ছয় হয়। আবার ইজারা দিলে তাদেরই লোকজনকে নামমাত্র মূল্যে দেওয়া হয়। ফলে সরকারি কোষাগারে খুব বেশি টাকা জমা পড়বে না।

তিনি বলেন, সরকার টাইটানিক মার্কা উন্নয়নের বুলি কপচালেও মূলত লুটপাটের নীতিতে দেশ চালাচ্ছে। সিটি ও পৌরকর কীভাবে বাড়ানো হয়েছে সেটাও আপনারা দেখেছেন। একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে এখন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা গুনতে হচ্ছে। বাড়ির হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে বহুগুণ। গ্যাস-বিদ্যুৎ-পানির বিল কয়েক বছরে বাড়িয়েছে ১০ গুণেরও বেশি। মানুষ মোবাইলে কথা বলবে সেখান থেকেও টাকা কেটে নিচ্ছে সরকার। সরকার লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে ফেলেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত