২ হাজার রামদা-ছুরি রোহিঙ্গাদের জন্য নয় : আইওএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৩ এএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম দাবি করছে, কক্সবাজারের উখিয়ায় ৫ সেপ্টেম্বর বেসরকারি সংস্থা শেড-এর কার্যালয় থেকে যে দুই হাজারের বেশি রামদা-ছুরিসহ কয়েক হাজার গৃহস্থালি সামগ্রী জব্দ করা হয়েছে, সেগুলো রোহিঙ্গাদের জন্য নয়; স্থানীয় জনগোষ্ঠীর মাঝে গৃহস্থালি সরঞ্জামাদি দেওয়ায় ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার জাতিসংঘের সংস্থাটি প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে ব্যাখ্যা দেয়। আইওএমের ব্যাখ্যায় উল্লেখ করা হয়, কক্সবাজারের উখিয়ায় একটি এনজিওর স্থানীয় অফিসে ৫ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসনের নিরাপত্তাসংক্রান্ত পরিদর্শনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সংস্থাটি জানাচ্ছে, দুটি স্থানীয় এনজিওকে প্রান্তিক স্থানীয় জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজের জন্য সহায়তার অংশ হিসেবে কিছু গৃহস্থালি সরঞ্জামাদি দিয়েছিল। এসব সরঞ্জাম শুধু স্থানীয় জনগোষ্ঠীর জন্য। এগুলো কোনোভাবেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হওয়ায় এটি নিয়ে প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে এসব সরঞ্জাম ছিল কৃষিকাজে ব্যবহারের। এগুলো শুধু স্থানীয় জনগোষ্ঠীকে দেওয়ার জন্য স্থানীয় এনজিওটিকে দেওয়া হয়েছিল। বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখতে পারে। একই সঙ্গে পর্যাপ্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে জব্দ করা সরঞ্জামাদি পুনরায় এনজিওটিকে ফেরত দেওয়া হোক। এই ভুল-বোঝাবুঝির অবসানে আইওএমের ব্যাখাটি গুরুত্বের সঙ্গে প্রচারের অনুরোধ জানানো হয়।

এদিকে, ৫ সেপ্টেম্বর গোপন খবরের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ায় মালভিটা এলাকায় শেড-এর কার্যালয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অভিযানে ১ হাজার ৭০০ রামদা, ৪০০ ছোরা, ১ হাজার ১০০ হাতুড়ি, ১ হাজার ২০০ হাতকরাত, ১ হাজার ২০০ তারকাঁটার প্লাস, ২ হাজার ২০০ বেলচা, রশি ও ইত্যাদি জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত