স্বামী-সন্তান নিয়ে কোথায় গেলেন শ্রাবন্তী?

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০ পিএম

কয়েক মাস আগে রোশান সিংকে গোপনে বিয়ে করেন টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই নিয়ে বিতর্ক মাথা চাড়া দিলেও পাল্টা কোনো মন্তব্য করেননি শাকিব খানের ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’ সিনেমার নায়িকা।

এমনকি শ্রাবন্তী-রোশানের মধুচন্দ্রিমা নিয়েও কম কানাঘুষো হয়নি। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে বারবারই প্রকাশ্যে এসেছে তাদের মধুর রসায়ন। বলা হচ্ছে, এবার মনের মানুষ খুঁজে পেলেন অভিনেত্রী।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় স্বামী রোশান ও ছেলে ঝিনুকের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন শ্রাবন্তী। বোঝা যাচ্ছে, তিনজন মিলে বেড়াতে গিয়েছিলেন। তবে কোথায় বেড়াতে গেছেন সে কথা উল্লেখ না করে শুধু ‘লাইফলাইন’ লিখেছেন ক্যাপশনে।

যৌথ প্রযোজনার পাশাপাশি ঢাকার একক সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী। মার্চে মুক্তি পায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’, বিপরীতে ছিলেন গায়ক-অভিনেতা তাহসান ও তাসকিন রহমান।

বর্তমানে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় কাজ করছেন। শ্রাবন্তীর সঙ্গে আছেন প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খান। কিছু অংশের শুটিং হয়েছে কলকাতায়। এই ছবির আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের সানি লিওন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত