বড় টি-শার্ট সেলাইয়ে রেকর্ড গড়বে বাংলাদেশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠার শতবর্ষ পালন উপলক্ষে গিনেস রেকর্ড ভাঙতে বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। এ দেশের পোশাক শিল্পকে তুলে ধরার জন্য বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) সুতি কাপড়ের এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক গতকাল বাসসকে জানান, আইএলওর প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ডিঙ্গিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি গত বছরের ৫ জানুয়ারি ৯৬ দশমিক ৮৬ মিটার দীর্ঘ ও ৬৯ দশমিক ৭৭ মিটার চওড়া সর্ববৃহৎ টি-শার্ট  সেলাই করে গিনেস রেকর্ড করে।

বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম বাসসকে জানান, ‘সুতি কাপড় ব্যবহার করে ৩৫০ ফুট দীর্ঘ এবং ২৫০ ফুট প্রস্থের টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড়।’ তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে আইএলও আয়োজিত বিশাল অনুষ্ঠান ২২ অথবা ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিবিসি, সিএনএন, রয়টার্স, আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানান বিজিএমইএ পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত