থাইল্যান্ডকে নিয়েই বিজয় উদ্‌যাপন করল বাংলাদেশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২ পিএম

অবাক করা এক দৃশ্য বটে। চ্যাম্পিয়ন হলো একটি দল, অথচ ম্যাচ শেষে কিনা হেরে যাওয়া দলটাও চ্যাম্পিয়ন দলের উদ্‌যাপনে শামিল। এমন দৃশ্যই দেখা মিলল শনিবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে।

এদিন থাইল্যান্ডকে ৭০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে ম্যাচ শেষে থাইল্যান্ডকে নিয়েই মাতল বিজয় আনন্দে!

আসলে ফাইনাল যে এখানে এক অর্থে শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। বাছাই পর্ব থেকে দুই ফাইনালিস্ট পেয়ে থাকে মূল পর্বের টিকিট। বাংলাদেশ ও থাইল্যান্ডের তাই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এই উদ্‌যাপন তাই দুই দলের বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দ।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকে মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড। দুই দলই ফাইনালে ওঠার মধ্য দিয়ে ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটে।

বাংলাদেশ বাছাই পর্বে এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। সব মিলে টানা চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তবে থাইল্যান্ডের মেয়েরা এবারই প্রথম অংশ নেবে বিশ্বকাপের মূল পর্বে। দলটার আনন্দ তাই একটু আলাদাই।

তবে চ্যাম্পিয়ন বাংলাদেশ যেভাবে থাই মেয়েদের কাঁধে কাঁধ রেখে উদ্‌যাপনে মাতল, সেটি সৌহার্দ্যের দারুণ এক উদাহরণ হয়েই থাকল।

দেখুন ভিডিও:

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত