কেনের হ্যাটট্রিকে ইংল্যান্ডের তিনে তিন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ এএম

২০২০ ইউরো বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল ইংল্যান্ড। হ্যারি কেনের হ্যাটট্রিকে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে বুলগেরিয়াকে একরকম উড়িয়ে দিয়েছে দলটি।

শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধেই জোড়া গোল আদায় করেন কেন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে বড় জয় নিশ্চিত করে গ্যারেথ সাউথগেটের দল।

চেক রিপাবলিককে ৫-০ গোলে উড়িয়ে বাছাই পর্বে নিজেদের মিশন শুরু করেছিল থ্রি লায়ন্সরা। দ্বিতীয় ম্যাচে মন্টেনেগ্রোকে হারিয়েছিল ৫-১ গোলে।

ম্যাচের ২৪ মিনিটেই এদিন দলকে লিড এনে দেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন তিনি। বিরতির পর ৫৫ মিনিটে রহিম স্টার্লিং ব্যবধান ৩-০ করেন। ৭৩ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল আদায় করেন কেন। পূরণ করেন হ্যাটট্রিক।

ইংল্যান্ডের হয়ে মাত্র ৪০ ম্যাচে ২৩ গোল হলো কেনের। ম্যাচের হিসেবে ইংল্যান্ডের পক্ষে এত কম সময়ে তার চেয়ে বেশি গোল করতে পেরেছিলেন শুধু গ্যারি লিনেকার। ২৭ গোল করেছিলেন এই কিংবদন্তি।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ৫ ম্যাচে বুলগেরিয়ার এটি তৃতীয় পরাজয়। ২ ড্র ও তিন হারে মাত্র ২ পয়েন্ট এখনো জয় বঞ্চিত দলটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত