মাদারীপুর জেলা প্রশাসকের (ডিসি) অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে এক উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে শিবচর উপজেলা চেয়ারম্যানের কাছে দুই লাখ টাকা চাওয়া হয় বলে ওই চেয়ারম্যান জানিয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের অফিশিয়াল মোবাইল নম্বরটি (০১৭২....২২২) ক্লোন করে সকালে শিবচর উপজেলা চেয়ারম্যানকে কল দিয়ে দুই লাখ টাকা চাওয়া হয়। এর কিছুক্ষণ পর শিবচর উপজেলা চেয়ারম্যান জেলা প্রশাসককে ফোন দিলে মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি ধরা পড়ে।
শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান বলেন, সকালে আমার নম্বরে ডিসি সাবের নম্বর থেকে ফোন দিয়ে টিআর পাওয়ার কথা বলে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু যিনি কথা বলেছেন, তার সঙ্গে আমাদের ডিসির কণ্ঠের মিল না থাকায় সন্দেহ জাগে।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, এর আগেও অফিশিয়াল নম্বরটি ক্লোন করে দুইবার চাঁদা দাবির ঘটনা ঘটেছিল। তখন দুজনকে আটকও করা হয়।
