২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী বেড়েছে ১৫৪ জন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৭ এএম

আবারও বেড়েছে নতুন ডেঙ্গু রোগী। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬১ জন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬০৭ জন, সে হিসেবে নতুন আক্রান্ত রোগী বেড়েছে ১৫৪ জন। এ ছাড়া গতকাল সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গু

সন্দেহে আরও পাঁচজনের মৃত্যুর খবর এসেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির কাছে চলতি বছর ডেঙ্গু সন্দেহে ১৯৭ জনের মৃত্যুর তথ্য এসেছে। এদের মধ্যে ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গুতে ৬০টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৪ জন এবং রাজধানীর বাইরে ৪৭৭ জন। এর আগের ১৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ঢাকায় ২৩৩ জন এবং ঢাকার বাইরে ৩৭৪ জন। চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ৫১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯১ জন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২২৬ জন। এর মধ্যে ঢাকা শহরে ১ হাজার ৫৯২ জন এবং ঢাকা শহরের বাইরে ১ হাজার ৬৩৪ জন। বর্তমানে আগের দিনের তুলনায় ৬ শতাংশ কম রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও দুজনের মৃত্যু : আমাদের ঢাকা মেডিকেল ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসিমা বেগম (৪৮) নামে এক নারী গতকাল মারা গেছেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামমুরা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামান (৩৭) নামে এক ডেঙ্গু রোগী গতকাল সকালে মারা গেছেন। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়। গতকাল ভোর সাড়ে ৫টায় আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত