রাব্বানীর ‘প্রটোকলে’ না যাওয়ায় ছাত্রদের কক্ষে তালা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২ পিএম

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ‘প্রটোকলে’ মধুর ক্যানটিনে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের চারটি কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

কক্ষগুলো হলো ২৩৭, ২৪৮, ৪০১ (ক) ও ৬২৬ (ক)। কক্ষগুলোয় যথাক্রমে ৬, ৮, ৮ ও ১০ জন শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন। 

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে এ ঘটনা ঘটে।

দ্বিতীয় বর্ষের ৩২ জন শিক্ষার্থী ওই চার গণরুমে থাকেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিষয়টি জানার পর তারই হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়।

জানা গেছে, রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মধুর ক্যানটিনে আসেন। হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাখাটির আসন্ন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী সৈয়দ শরিফুল আলম ওরফে শপু এই হলে গোলাম রাব্বানী গ্রুপের একটি অংশ নিয়ন্ত্রণ করেন।

ছাত্ররা জানান, তিনি রোববার দুপুরে গোলাম রাব্বানী মধুর ক্যানটিনে এলে তাকে ‘প্রটোকল’ দেওয়ার জন্য শিক্ষার্থীদের ডেকে পাঠান। কিন্তু চার কক্ষের ৩২ ছাত্রের মধ্যে মাত্র তিনজন সেখানে যান। রাত ১০টার পর কক্ষগুলোয় গ্রুপের তৃতীয় বর্ষের কর্মীদের দিয়ে তালা লাগিয়ে দেন শপু।

ডাকসুর জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে রোববার মধ্যরাতে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত বিষয়টির সমাধান করছেন। 

পরে তার হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত