ক্রিকেটে আফগানিস্তানের কাছে পরাজয়ের পরদিনই ফুটবলে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মধ্য এশিয়ার দেশটির বিপক্ষে ম্যাচ দিয়ে। নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের রাজধানী দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
তুল্যমূল্যের বিচারে গ্রুপের আর চারটি দলের চেয়ে বাংলাদেশ পিছিয়ে অনেকটাই। এই আফগানদের সঙ্গেও ব্যবধানটা ৩৩ ধাপ। সাফ ছেড়ে মধ্য এশিয়া অঞ্চলে নাম লিখানো আফগানিস্তান যেখানে ১৪৯তম স্থানে, সেখানে বাংলাদেশ ১৮২-তে। তারপরও গ্রুপের অপর তিন দল কাতার (৬২), ওমান (৮৭) এবং ভারতের (১০৩) তুলনায় আফগানরা তো বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিপক্ষ। তাই ইতিবাচক কিছু দিয়ে মিশন শুরুর আশা তো করতেই পারে বাংলাদেশ। অতীত পরিসংখ্যানও খানিকটা আশাবাদী করে তুলতে পারে। ৬ বারের দেখায় দুদলই জিতেছে একবার করে। বাকি চার ম্যাচ ড্র। ২০১৫ সালের ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ সাক্ষাতে অবশ্য বাংলাদেশকে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ করেছিল একঝাঁক ইউরোপ প্রবাসী ফুটবলার নিয়ে গড়া আফগানিস্তান।
এই গ্রুপে বাংলাদেশ ছাড়া বাকি সবাই এরমধ্যেই খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। আফগানদের শুরুটা মোটেই ভালো হয়নি। এশিয়া চ্যাম্পিয়ন কাতার গুনে গুনে হাফ ডজন গোল দিয়েছে। যদিও বাংলাদেশের ইংলিশ হেড কোচ জেমি ডে এটাকে মোটেই বড় করে দেখছেন না, ‘আফগানরা যাদের কাছে হেরেছে, তারা এ মুহূর্তে এশিয়ার সেরা দল। সুতরাং আমি মনে করি না এই হারে আমাদের খুশি হওয়ার কোনো কারণ আছে।’ জেমির মতো আফগানিস্তানের কোচ আনুশ দস্তগিরও কাতারকে শক্তি-সামর্থ্যে ঢের এগিয়ে রাখলেন, ‘আমরা কাতারের কাছে হেরেছি তাদের মাঠে এবং তারা এশিয়ান কাপ জয়ী দল। আমরা যদি ৫০ বারও তাদের সঙ্গে খেলি, একবার হয়তো তাদের সঙ্গে ড্র করতে পারব। বাংলাদেশের ম্যাচটা একেবারেই ভিন্ন। আমরা ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামব। এই ম্যাচে পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য।’
আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের একটি মাত্র জয় এসেছিল ১৯৭৯ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে। এরপর থেকে আর জয় ছোঁয়া হয়নি। জেমি ডে বলেন, ‘১৯৭৯ সালের পর থেকে আর জেতা হয়নি। তার মানে একটা ইতিবাচক কিছু করতে সবাই মুখিয়ে আছে। আফগানরা বেশ শক্তিশালী দল। তাদের তিনটি ম্যাচ আমি দেখেছি। তাদের রয়েছে শক্তিশালী মিডফিল্ড। তবে আমরাও আমাদের শক্ত রক্ষণ এবং জমাট মিডফিল্ড দিয়ে তাদের রুখতে প্রস্তুত আছি।’
আফগান কোচ দস্তগিরের রয়েছে বাংলাদেশের বিপক্ষে একমাত্র জয়ের স্মৃতি। ২০১৫-তে সেই ম্যাচে তিনি ছিলেন দলের সদস্য। সে কথা উল্লেখ করে দস্তগির বলেন, ‘আমার মনে হয় গত চার বছরে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। তাদের জাতীয় দলের এবং লিগের কিছু ম্যাচ দেখে মনে হয়েছে তারা উন্নতি করেছে। তবে আমরা এই ম্যাচে চাইব জিততে।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া মনে করেন আফগানদের কাছ থেকে পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে, ‘আমরা দুটি প্রস্তুতি ম্যাচ থেকে অনেক কিছুই শিখেছি। আফগানরা ভালো দল। তবে আমরা এই ম্যাচটি খেলতে মুখিয়ে আছি। কারণ জানি এই ম্যাচ থেকে আমাদের কিছু অর্জনের সুযোগ রয়েছে।’
জামালরা কি পারবেন সাকিবদের কষ্ট ভুলিয়ে দিতে?
