দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪১ এএম

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। গতকাল সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বার্তা সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০.৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার), পররাষ্ট্র সচিব (মেরিটাইম) এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।

এর আগে রাষ্ট্রপতি গত রবিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। গত ৩১ আগস্ট আবদুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

রাষ্ট্রপতির সঙ্গে কেনিয়ায় নিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  

কেনিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার গতকাল সোমবার গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় কেনিয়া ও তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় খাত অনুসন্ধানে হাইকমিশনারকে নির্দেশ দিয়েছেন আব্দুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, বৈঠককালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কেনিয়া উভয় দেশের ব্যাপক সম্ভাবনাময় খাত রয়েছে বলে উল্লেখ করেন। তিনি দু’দেশের স্বার্থে সম্ভাবনাময় খাতগুলো যৌথভাবে ব্যবহার করার নির্দেশনা দেন। এ সময় হাইকমিশনারও তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত