গাড়িতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পাশে বসা নিয়ে নিজেদের মধ্যকার মারামারিতে একজন ছাত্রলীগ নেতার কপাল ফেটে গেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এই মারামারির ঘটনা ঘটে।
মারামারি করা দুই ছাত্রলীগ নেতা হলেন তৌহিদুল ইসলাম চৌধুরী জহির ও শাহরিয়ার কবির বিদ্যুৎ। এরা দুজনই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারী। আহত বিদ্যুৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাবি মেডিকেল সেন্টারে চিকিৎসা সেন্টারে বিদ্যুৎ সাংবাদিকদের বলেন, ‘সপ্তাহ খানেক ধরে ওদের সিন্ডিকেটের সঙ্গে আমাদের মতানৈক্য ও বিরোধ চলে আসছিল। আজ মধুর ক্যানটিনে এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জহির আমার শার্টের কলার চেপে ধরে। তখন আমিও ওর জামার কলার চেপে ধরি। একপর্যায়ে জহির ইট দিয়ে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দেয়। এ সময় জহিরের এক ছোট ভাইয়ের হাতে বাঁশ ছিল বলে অভিযোগ করেন বিদ্যুৎ।’
জহির জামাত-শিবিরের সাথে সংশ্লিষ্ট এবং তার সিন্ডিকেট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভাঙার ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করেন বিদ্যুৎ। এসব বিষয় নিয়েই মূলত জহিরের সঙ্গে কয়েক দিন ধরে ঝামেলা চলছিল বলে জানান বিদ্যুৎ। এ ছাড়া অভিযুক্ত জহির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলেও অভিযোগ করেন বিদ্যুৎ।
অভিযুক্ত জহির কোথায় এখন কোথায় আছেন এ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে জহির ছাত্রলীগ সভাপতি শোভনের বাসায় আছেন বলে জানান কিছু ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে জানতে চাইলে শোভন বলেন, তারা দুজনই খুব কাছের বন্ধু। ছোট একটা ঘটনা ঘটেছে। আবার তাদের মধ্যে মিল হয়েছে।
