সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের সততা স্টোর চালু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০ পিএম

দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও সততা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে সততা স্টোর উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

বুধবার দুপুরে বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোর এর ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক।

ফলক উন্মোচন শেষে আমন্ত্রিত অতিথিরা সততা স্টোর এবং বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কর্ণার পরিদর্শন করেন। সততা স্টোর ও মুক্তিযোদ্ধা কর্ণার পরিদর্শন শেষে বিদ্যালয়  প্রাঙ্গণের মুক্ত মঞ্চে ধর্মীয় গ্রন্থ পাঠ শেষে বিদ্যালয়ের  সাংস্কৃতিক ক্লাবের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।

সততা স্টোর চালুর বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. জুন-নূরাইন বলেন, ‘অনেক জায়গায় সততা স্টোর চালু হয়েছে। আমরাও সততার দৃষ্টান্ত রাখতে চাই। আশা করি আমরা সততা স্টোরের মাধ্যমে দেশের একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব’।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সহকারি কমিশনার মহসীন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২৬ তম জুনিয়র জাতীয় কুস্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনকারী ৮ম শ্রেণির শিক্ষার্থী শুভশ্রী দাস, ব্রঞ্জ পদক অর্জনকারী ৮ম শ্রেণির শিক্ষার্থী নিকিতা দাসকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ২ টাকার ব্যাংক ফান্ড থেকে ১০ জন শিক্ষার্থীকে নতুন জামা, ব্যাগ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত