তৃতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও খেদালেন ট্রাম্প

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ এএম

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে জন বোল্টনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করেছেন বলে জানিয়েছে সিএনএন।

গত মঙ্গলবার এক টুইট বার্তায় এই বরখাস্তের ঘোষণা দেন ট্রাম্প। এই নিয়ে তৃতীয়বারের মতো নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প

বলেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়ে দিয়েছি যে, হোয়াইট হাউজে তার আর কোনো কাজ নেই। তার অনেক পরামর্শের সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে। প্রশাসনের অনেকের মতো আমিও তার অনেক পরামর্শের বিষয়ে জোরালো আপত্তি জানিয়েছি। সে কারণে আমি জনকে পদত্যাগ করতে বলেছি, যা তিনি সকালে আমাকে দিয়েছেন।’

নিউ ইয়র্ক টাইমস বলছে, শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তালেবান প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণের পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনে বিভাজনের খবরের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হলো।  

২০১৮ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসা জন বোল্টন ছিলেন ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার আগে এই পদ থেকে বিদায় নিতে হয়েছে মাইকেল ফ্লিন ও ম্যাকমাস্টারকে। উত্তর কোরিয়া ও আফগানিস্তান বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন জন বোল্টন। গত বছর ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ট্রাম্পের অবস্থান সমর্থন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসেছিলেন তিনি।

বোল্টনের সঙ্গে মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে, বোল্টন নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পর্ষদের সদস্যদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তার সম্পর্ক শত্রুতায় রূপ নেয় বলে হোয়াইট হাউজ কর্মকর্তারা জানিয়েছেন। আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত