রংপুরে স্কুলছাত্র আবদুর রশীদকে কুপিয়ে আহত করার পর চলন্ত বাসের নিচে ফেলে হত্যার আলোচিত মামলার প্রধান আসামি মোজাফফর হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত মঙ্গলবার ভোরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর-বদরগঞ্জ সড়ক থেকে মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। মোজাফফর নগরীর কেরানীপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। এছাড়া র্যাবের অন্য একটি দল নগরীর সাহেবগঞ্জ মাছহাড়ি এলাকা থেকে নিশাদ আহমেদ জয় (২১) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে। নিশাদ কেরানীপাড়া এলাকার জুয়েল আহমেদের ছেলে এবং মামলার তিন নম্বর আসামি।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১৩-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। তিনি বলেন, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে নগরীর টেক্সটাইল মোড় এলাকায় স্কুলছাত্র রশীদকে নৃশংসভাবে হত্যা করে মোজাফফর ও তার সহযোগীরা।
