পাকিস্তান সফর বয়কটের পেছনে ভারতের হাত নেই : শ্রীলঙ্কা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা কি ছায়া ফেলছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাম্প্রতিক সিদ্ধান্তের ওপর? পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ হুসাইন চৌধুরীর অভিযোগ তেমনই। তিনি অভিযোগ এনে বলেছেন, ভারতের চাপেই লঙ্কান ক্রিকেটাররা পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো অবশ্য

পাকিস্তান মন্ত্রীর অভিযোগ নাকচ করেছেন। টুইটারে গতকাল তিনি লিখেছেন, ‘ভারত প্রভাব খাটিয়ে লঙ্কান ক্রিকেটারদের পাকিস্তান সফরে যেতে দিচ্ছে না এমন প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। ২০০৯ সালের সন্ত্রাসী ঘটনার কথা ভেবেই কেউ কেউ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে যারা যেতে ইচ্ছুক আমরা তাদের দলে রেখেছি। এটা আমাদের পূর্ণশক্তির দল। আশা করছি তারা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে পরাজিত করতে পারবে।’ ২৭ সেপ্টেম্বর থেকে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। তবে নিরাপত্তার কারণে দিমুথ করুনারত্নে, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমল, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা এবং নিরোশান ডিকভেলা পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ১০ ক্রিকেটারের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন লাহিরু থিরিমানে। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে দাসুন সানাকাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত