রংপুর-৩ উপনির্বাচন

সাত প্রার্থী বৈধ মনোনয়নপত্র বাতিল দুজনের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৮ এএম

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীসহ সাতজনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপি ও বিধি অনুযায়ী হলফনামা দাখিল না করাসহ নানা কারণে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে গতকাল বুধবার রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, ‘আপাতত আওয়ামী

লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র আসিফ শাহরিয়ার, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল এই সাতজনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ঋণখেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পাটির একরামুল হকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তী তিন দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন।

গত ১৪ জুলাই রংপুর-৩ আসনের সংসদ সদস্য এইচ এম এরশাদের মৃত্যুর দুদিন পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ অক্টোবর ভোট হবে ইভিএম পদ্ধতিতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত