শাহিন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ সিনেমাটির শুটিং শেষ করলেও বাকি ছিল ছবির ডাবিং। কিন্তু শাকিব খানের গড়িমসিতে আটকে ছিল কাজ। সিনেমার কাজ শেষ করার অনুরোধ জানিয়ে শাকিবের কাছে নোটিশ পাঠায় শাপলা মিডিয়া। সাত দিনের মধ্যে ছবিটির কাজের ব্যাপারে সিদ্ধান্ত না দিলে একটু প্রেম দরকার ছবিটির এ পর্যন্ত খরচ হওয়া দুই কোটি ৩১ লাখ ৩৮৩ টাকা এবং শাপলা মিডিয়ার এক বছরের ক্ষতিপূরণ দিয়ে ছবিটি শাকিব খানের মালিকানায় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। অন্যথায় শাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রযোজক সেলিম খান।
সেই নোটিশে সাড়া দিয়ে কাজে ফিরছেন শাকিব খান। এরই মধ্যে ছবিটির ডাবিংয়ের জন্য সময় দিয়েছেন শাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন।
পরিচালক জানান, ‘আগামী ১৪ সেপ্টেম্বর থেকে তিন দিন ডাবিংয়ের তারিখ দিয়েছেন শাকিব খান। এই তিন দিন কাজ করলে ছবিটির কাজ শেষ হবে বলে আশা করছি।
গত বছরের ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ছবির কাজ অসম্পূর্ণ থাকায় সেই সময় ছবিটি মুক্তি পায়নি। আবারও সামনে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাপলা মিডিয়া।
