বিচ্ছেদের পর যা করতে নেই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ এএম

বিবাহবিচ্ছেদের পর কিছু বিষয় এড়িয়ে যেতে হবে। এ সময় যা করবেন না তা জেনে নিন

বিবাহবিচ্ছেদের পর প্রত্যেকেরই পথ কিন্তু আলাদা হয়ে যায়। আলাদা কাজ এবং জগৎ তৈরি হয়। তাই ডিভোর্সের পর সাবেক স্বামী বা স্ত্রীকে আপনার প্রয়োজন বা চাহিদার সময় আগের মতো পেয়ে যাবেন এমনটা না ভাবাই ভালো। মানুষটি ‘সাবেক’ হয়ে গেছে। তাই তার পেছনে আঠার মতো লেগে না থাকাই ভালো। সে তার জীবনে কী করছে, সোশ্যাল মিডিয়ায় কী স্ট্যাটাস দিচ্ছে, সেগুলো কিন্তু এখন আর আপনার ভাবার বিষয় নয়।

বিবাহবিচ্ছেদের পর প্রত্যেকেই একটি কষ্টকর অবস্থা পার করে। এটি থেকে বেরিয়ে আসতে এবং নিজেকে আবারও মানসিকভাবে শক্তিশালী করতে কিন্তু কাউন্সেলিং খুব জরুরি। হতে পারে সেটি প্রফেশনাল কাউন্সিলরের মাধ্যমে বা খুব কাছের কোনো বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের দ্বারা।

অনেকে বিচ্ছেদের পর সাবেক স্বামী বা স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা লিখতে থাকে। তারা ভাবে, এতে ওই ব্যক্তিটি অপদস্থ হবে। এই কাজটি একদমই করবেন না। এতে আপনার ব্যক্তিত্বের ওপরই বাজে প্রভাব পড়ে।

আসলে বিচ্ছেদের পর অনেকে এতটাই ভারাক্রান্ত হয়ে পড়ে যে, নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলে। এটা না করে এ সময় ইতিবাচক মানুষের সঙ্গে মিশুন। আর যারা আপনাকে দোষারোপ করবে, বা সমালোচনা করবে, তারা কখনোই আপনার ভালো বন্ধু নয়। আসলে ইতিবাচক মানুষ আপনাকে এগিয়ে নিয়ে যাবে, ভুলগুলো ঠিক করতে সাহায্য করবে, দোষারোপ করবে না।

বিবাহবিচ্ছেদের পর অনেকে এতটাই একাকিত্বে ভোগে যে, খুব দ্রুত আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেকে এটাকে সঠিক মনে করে, আবার অনেকে একটু ধীরে-সুস্থে এগোতে চায়। আসলে সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, এই ক্ষেত্রে ধীরে এগোনোই ভালো। দ্রুত কারও সঙ্গে জড়িয়ে পড়লে ভুল করার আশঙ্কা থাকে। এতে জীবনে আরও বিপর্যয় নেমে আসতে পারে। তাই নতুন সম্পর্কে জড়াতে হলে একটু বুঝে-শুনে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত