৩১টি নতুন জাতীয় রেকর্ড গড়ার মধ্য দিয়ে গতকাল শেষ হলো তিন দিনব্যাপী ৩৩তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে কাল শেষ দিন ১১টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। দু’বছর পর অনুষ্ঠিত এই আসরে বালক বিভাগে বিকেএসপির মোবারক হোসেন ৪টি জাতীয় রেকর্ডসহ ৭টি স্বর্ণপদক জিতে সেরা হয়েছেন। এছাড়া বালিকা বিভাগে একটি জাতীয় রেকর্ডসহ ৭টি স্বর্ণপদক জিতে সেরা হয়েছেন বাংলাদেশ আনসারের অ্যানি খাতুন। বিকেএসপি ৫১টি স্বর্ণপদক জিতে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে ২৪টি স্বর্ণপদক পাওয়া বাংলাদেশ আনসার। এবার জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ডাইভিংয়ের তিনটি ইভেন্টসহ মোট ১০৩টি ইভেন্টের খেলা হয়েছে। এর মধ্যে প্রথম দিন ৯টি, দ্বিতীয় দিন ১১টি রেকর্ড হয়েছে। শেষ দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। হংকংয়ের কাছে হার
শ্রীলঙ্কাকে দুদিন আগে ২-০ ব্যবধানে হারানোর পর ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে কাল তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ মহিলা দল। সিঙ্গাপুরে গতকাল শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে জোর লড়াই করেছিল প্রথমবারের মতো আন্তর্জাতিক আসর খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারের ২৭ মিনিটে এগিয়ে যায় হংকং। কাল শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
