হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন এখন সময়ের দাবি উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ বিষয়ে হিন্দু ধর্মাবলম্বীরা এগিয়ে এলে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া প্রচলিত আইনেরও সংস্কার প্রয়োজন বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী।
‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আইন সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। এতে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা জোর গলায় নারীর ক্ষমতায়নের কথা বলি, কিন্তু যখন নারীদের উত্তরাধিকারের কথা আসে তখন আমাদের গলার শব্দ স্তিমিত হয়ে যায়। এটা আমরা উত্তরণের চেষ্টা করব।’ তিনি বলেন, ‘এ দেশের সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। আমরা সে কারণেই কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনের ব্যাপারে কথা বলি। এটি সংশোধন করা এখন সময়ের দাবি। তবে সরকার এটি তাদের ওপর চাপিয়ে দেবে না। হিন্দু সম্প্রদায় এগিয়ে এলে সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কিছু আইনের সংস্কার দরকার। পেনাল কোড (দণ্ডবিধি) প্রায় ১৬০ বছর আগের। সময়ের প্রয়োজনে এর কিছু ধারার সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সাক্ষ্য আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে এটি সংসদে পাঠিয়ে জানুয়ারি মাসে অনুষ্ঠেয় শীতকালীন অধিবেশনে পাসের লক্ষ্যে সরকার কাজ করছে।’
আনিসুল হক জানান, আইন কমিশন থেকে পাঠানো সাক্ষী সুরক্ষা আইন পরীক্ষা করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনেরও কিছু ধারা সংশোধনের চিন্তাভাবনা করা হচ্ছে।
সাবেক বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ।
