গৃহায়ন ও গণপূর্তবিষয়ক সভায় প্রধানমন্ত্রী

খোলা জায়গা পেলেই দালান তোলা অসুস্থতা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:২১ এএম

খালি জায়গা পেলে দালান তোলা অসুস্থতার মতো হয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবাসিক ভবন নির্মাণের সময় টেকসই পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে উন্মুক্ত জায়গা, প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা, বারান্দা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা যেন থাকে, তা নিশ্চিত করতে হবে। খোলা জায়গা, ন্যাচারাল বাতাস থাকে, সিলিং ফ্যানের ব্যবস্থা থাকতে হবে, ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি বর্জ্য পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও নজর দিতে হবে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের তথ্যাদি অবহিতকরণ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। সারা দেশে যত্রতত্র জমি ব্যবহার করতে পারবে না, এজন্য একটা আইন করার প্রয়োজন বলেও মনে করেন তিনি।

অনেকে ভবন নির্মাণের সময় রাস্তা দিতে চায় না, মাঠও দিতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুতল ভবন বা যেকোনো স্থাপনা নির্মাণের আগে সেখানকার রাস্তার অবস্থা, সড়কে গাড়ির চাপ, ধারণক্ষমতা ও জনসমাগমের বিষয়টি বিবেচনা করতে হবে। কোথাও কোনো স্থাপনা করতে গেলে দেখতে হবে ওই এলাকার রাস্তায় কতটা গাড়ি চলে, নতুন স্থাপনা নির্মাণের ফলে নতুন কতটা ট্রাফিক যোগ হবে। ওই রাস্তায় ট্রাফিক কতটা নিতে পারবে সেটা দেখতে হবে। তিনি আরও বলেন, অনেকে বিল্ডিংয়ের ওপর থেকে, রান্নাঘর থেকে ময়লা নিচে ছুড়ে ফেলেন। গুলশানের মতো জায়গাতেও দেখা যায় দুই বিল্ডিংয়ের মাঝে এক মানুষ সমান ময়লার স্তূপ জমে আছে। তাই তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।

সচিবালয়ের যেসব মন্ত্রণালয়ে লোকজন বেশি আসে সেসব মন্ত্রণালয়গুলোকে ভবনের নিচের দিকে রাখার বিষয়ে শেখ হাসিনা বলেন, এ অফিসগুলো হাঁটাপথের মধ্যে রাখা দরকার। যেমন শিক্ষা মন্ত্রণালয়ে প্রচুর লোক আসে, তাদের দিয়ে রেখেছে ওপরে। সারাক্ষণ মানুষ আসে, লিফটেও ভিড়। শেরেবাংলা নগরে বহুতল ভবন নির্মাণ প্রকল্পে তিনি খ্যাতনামা স্থপতি লুই কানের সহযোগী স্থপতি হ্যানরি উইলকটকে এ প্রকল্পে বিদেশি পরামর্শক অথবা উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সংলগ্ন ভায়াডাক্ট ১ ও ২ এর পাশে ১.৩ একর এলাকায় ২০ তলা নতুন ভবন নির্মাণের প্রস্তাবটি বাতিল করে এটি পদ্মা বা যমুনার পাড়ে স্থানান্তর করার পরামর্শ দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থাপত্য অধিদপ্তরের সদ্য সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি সায়মা বিনতে আলম, হাতিরঝিল প্রজেক্টের কনসালট্যান্ট এআর প্যাট্রিক ডি রোজারিও পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সভায় ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-এ) প্রকল্পের পরিবর্তিত মাস্টারপ্ল্যান, সচিবালয়ে নির্মাণাধীন ২০ তলা ভবনে মন্ত্রিপরিষদ সভা আয়োজনের সংস্থান রাখা, শেরেবাংলা নগরে স্থপতি লুই কান প্রণীত মাস্টারপ্ল্যানের ৪৩ একর জমিতে জরাজীর্ণ দ্বিতল ভবন অপসারণ করে বহুতল ভবন নির্মাণের জন্য ধারণাগত প্রস্তাবনা উপস্থাপন এবং হাতিরঝিল প্রকল্প এলাকায় মাল্টিপারপাস সহযোগী ভবন নির্মাণ প্রকল্পের পরিকল্পনা উপস্থাপনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত