ডেঙ্গুর প্রকোপে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সারা দেশে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হলো। এদিকে বান্দরবানে প্রথমবারের মতো ডেঙ্গুতে আক্রান্ত এক নারী মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে আগের দিনের চেয়ে ১১৬ জন নতুন ডেঙ্গু রোগী বেড়েছে। নতুন যারা আক্রান্ত হয়েছেন এদের মধ্যে দ্বিগুণ ঢাকার বাইরের। মূলত এডিস অ্যালবোপিকটাস প্রজাতির মশা ঢাকা শহরের বাইরে ডেঙ্গু ছড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ধারণা, সেপ্টেম্বরজুড়েই ডেঙ্গুর বিস্তার থাকার আশঙ্কা রয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ৫০০-এর নিচে না নামলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে না।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬৩৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরে ২৩৭ জন এবং ঢাকার বাইরে ৫১৩ জন। মোট ভর্তি রোগীদের মধ্যেও ঢাকার বাইরে বেশি। চলতি বছর সারা দেশে ৭৯ হাজার ৩৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৬ হাজার ১৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যা শতকরা হিসাবে ৯৬ শতাংশ। আর গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৩ হাজার ২৯ জন। এর মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ১ হাজার ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৭৪ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত তাদের কাছে ডেঙ্গু সন্দেহে ১৯৭টি মৃত্যুর তথ্য এসেছে। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু : আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারা দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সির মেয়ে সুরাইয়া আক্তার (১৪) শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুমাইয়া স্থানীয় পশ্চিম হারিটানা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্বজনরা জানান, গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে প্রথমে স্থানীয় হাপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাতে তাকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
একই হাসপাতালে বুধবার বিকেলে ফরহাদ হোসেন জিহাদ (১৩) নামে এক ছাত্র মারা যায়। সে বরিশালের মুলাদী উপজেলার মধ্য চর লক্ষ্মীপুর গ্রামের বাবুল আহমেদ হাওলাদারের ছেলে এবং স্থানীয় চর লক্ষ্মীপুর আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে মঞ্জুর মোর্শেদ আবির (২৫) নামে এক শিক্ষার্থী বুধবার রাতে মারা গেছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আবির সাভারের বনগাঁও এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের বড় ছেলে। আইন বিষয়ে স্নাতক শেষে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য লন্ডন যাওয়ারও প্রস্তুতি নিচ্ছিল সে। স্বজনরা জানান, দুই সপ্তাহ আগে আবির ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর অবস্থায় পৌঁছালে ৯ সেপ্টেম্বর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বান্দরবানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডমেচিং মারমা (৩৪) নামের এক রোগী গতকাল মারা গেছেন। ডমেচিং রুমা উপজেলার সদর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। স্বজনরা জানান, গত ১০ সেপ্টেম্বর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরদিন চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই প্রথম বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।
