ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

চলতি বছর গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ছাড়াল। যদিও মোট আক্রান্তের ৯৬ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১০১টি মৃত্যুর

পর্যালোচনা করে ডেঙ্গুতে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। আর গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকালু শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫০ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন রোগী কমেছে ৭৭ জন, যা শতকরা হিসাবে ১০ শতাংশ কম। তবে আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর মোট আক্রান্তের মধ্যে জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭৮ জন, এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন এবং চলতি সেপ্টেম্বরে ৮ হাজার ৯৪৩ জন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ২ হাজার ৯০০ জন। এর মধ্যে ঢাকা শহরে ১ হাজার ২৮২ জন আর ঢাকা শহরের বাইরে সারা দেশে ১ হাজার ৬১৮ জন। 

অধিদপ্তর থেকে আরও জানা যায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন। আর ঢাকা শহরের বাইরে ভর্তি হয়েছেন ৪৪৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছিলেন ২৩৭ জন আর ঢাকার বাইরে ৫১৩ জন। ঢাকা শহরের নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৪০ জন, মিটফোর্ড হাসপাতালে ২৩ জন, শিশু হাসপাতালে ৭ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ জন, বিএসএমএমইউতে ১১ জন, মুগদা হাসপাতালে ৩৩ জন, সিএমএইচে ৭ জন, কুর্মিটোলা হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রামে ৪৭ জন, খুলনায় ১৭৪ জন, রংপুরে ৮ জন, রাজশাহীতে ৪৭ জন, বরিশালে ৫৪ জন, সিলেটে ৬ জন ও ময়মনসিংহে ৮ জন ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত