বাংলাদেশের দ্রুত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আগামী তিন বছরে প্রায় ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন সংস্থা (এডিবি)। গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ এ তথ্য জানান।
এ বিষয়ে গতকাল শুক্রবার এডিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনমোহন বাংলাদেশের জন্য এডিবির বর্ধিত উন্নয়ন কর্মসূচি শেখ হাসিনার সামনে তুলে ধরেন। এডিবি প্রতিনিধি ২০২০-২২ মেয়াদে নতুন কান্ট্রি বিজনেস প্ল্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিকল্পনার আওতায় বিভিন্ন প্রকল্পে প্রায় ৫০০ কোটি ডলার দেবে এডিবি। ‘স্ট্যান্ডবাই’ হিসেবে আরও ৪৯০ কোটি ডলারের প্রকল্প পাইপলাইনে রয়েছে।
মনমোহন প্রকাশকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিওবিপি সরকারের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সমৃদ্ধি অর্জনের অন্যতম পথ। এডিবির এই সহায়তা অবকাঠামো ও সামাজিক খাতে বণ্টন করা হবে। বরাদ্দের প্রায় ৫৪ শতাংশ মানব সম্পদের আরও উন্নয়ন, পল্লী সেবা, পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম জোরদার, সড়ক, রেল ও বন্দর সংযোগ বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা এবং বিদ্যুৎ সরবরাহের সামর্থ্য ও মান বৃদ্ধির কাজে ব্যবহৃত হবে। বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা-সিলেট সড়ক, জয়দেবপুর-এলেঙ্গা-রংপুর-বুড়িমারী-বাংলাবান্ধা সড়ক, ফরিদপুর-বরিশাল সড়ক, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডুয়েলগেজকরণ, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, ঢাকা এমআরটি লাইন ৫ (গাবতলী-পান্থপথ-আফতাবনগর), কর্মসংস্থান প্রকল্পের জন্য দক্ষতা, কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্শিয়ারী এডুকেশন প্রকল্প, ঢাকা স্যুয়ারেজ সিস্টেম অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রকল্প এবং খুলনা স্যুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্প।
