এক রাতে ১৩৭ নথি নিষ্পন্ন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৯ এএম

বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসককে কাজের গতি দেখাতে আট মাসের কাজ এক রাতেই সেরেছেন। তিনি এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বুধবার বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপজেলা ভূমি অফিস পরিদর্শনে এলে তার কাছে মৌখিকভাবে এসি ল্যান্ডের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। দীপায়ন দাস

গত বছরের ২৮ ডিসেম্বর তালতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় ওই সময় থেকেই তিনি ভারপ্রাপ্ত সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে দীপায়ন দাসের একাধিক সহকর্মী জানান, তিনি ভূমি অফিসে যেতেন না। ফলে ভূমি অফিসের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। গত ৮ মাসে ভূমি অফিসে ১৫৪টি নামজারি আবেদন জমা হয়। ওই আবেদনগুলোর মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তিদের ১৭টি আবেদন নিষ্পত্তি করেছেন। বাকি ১৩৭টি আবেদন ফাইলবন্দি অবস্থায় পড়ে ছিল প্রায় আট মাস। এতে আবেদনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ২৯ আগস্ট বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শনে যান। আসার খবর পেয়ে দীপায়ন দাসের নির্দেশে কর্মকর্তারা এক রাতেই বিভিন্ন তারিখ দেখিয়ে ৭৪টি মিউটেশন আবেদন খারিজ করে দেন। বাকি ৬৩টি আবেদন তদন্তাধীন রাখেন।

জেলা প্রশাসক পরিদর্শনে আসার খবর পেয়ে ভুক্তভোগীরা তার সঙ্গে দেখা করতে আসেন এবং দীপায়ন দাসের বিরুদ্ধে অভিযোগ করেন।

ভুক্তভোগী বাচ্চু হাওলাদার, তাসলিমা ও মংচোলেন বলেন, ৭ মাস আগে মিউটেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ভূমি অফিসে আবেদন করেছেন তারা। কিন্তু সহকারী কমিশনার কোনো মিউটেশন নিষ্পত্তি করছেন না। মাসের পর মাস ফেলে রেখেছেন। অফিসের অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, মিউটেশনের প্রতিবেদন করে জমা দেওয়া হয়েছে কিন্তু স্যার ফাইলে স্বাক্ষর করছেন না। বুধবার অফিসে গিয়ে দেখেন তাদের আবেদন আগেই খারিজ করে দিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।

তবে দীপায়ন দাস এক রাতে ৭৪টি আবেদন খারিজ করে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, যথানিয়মে মিউটেশনের কাজ করেছি। চাহিদামতো কাগজপত্র না থাকায় ৭৪টি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ মুঠোফোনে বলেন, লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত