প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পেল ইংল্যান্ড। এতে করে দি ওভাল টেস্টের দ্বিতীয় দিন ৭৮ রানে এগিয়ে থেকে শেষ করল তারা। অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ইনিংসে ২২৫ রানে অলআউট করে দিয়ে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকটে ৯ রান করেছে স্বাগতিকরা। জোফরা আর্চার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন। ৬২ রানে ৬ উইকেট সংগ্রহ তার।
পুরো সিরিজে যা হয়ে আসছে ওভালে অজিদের প্রথম ইনিংসেও তাই হলো। অবিশ্বাস্য ধারাবাহিকতায় থাকা স্টিভেন স্মিথ আবারও ব্যাটে রান পেয়েছেন। তার ব্যাটে চড়েই যা একটু লড়েছে অস্ট্রেলিয়া। ২০ রানের জন্য আরও একটি সেঞ্চুরি মিস করা স্মিথ শেষ পর্যন্ত ১৪৫ বলে ৮০ রানের ইনিংস খেলে থামেন ওকসের বলে। এ ছাড়া মার্নাস লাবুশেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ করেন। ১৪ রানে ২ উইকেট হারানোর পর লাবুশেন ও স্মিথ মিলে ৬৯ রান যোগ করেন। শেষদিকে নাথান লায়ন ২৫ রান করলে দুইশ অতিক্রম করে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগে পরে আর্চার ঝড়ে অজিদের ইনিংসের শুরু ও শেষ গুটিয়ে যায়। এ ছাড়া ক্রিস ওকস নেন ৩ উইকেট।
এর আগে মিচেল মার্শের ৪৬ রানে ৫ উইকেটে ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৯৪ রানে থামাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।
