ক্যানসার ভালো হওয়ার ভুয়া ভিডিও প্রোমোট করার অভিযোগ উঠেছে ইউটিউবের বিরুদ্ধে। এই মাধ্যমে ১০টি ভাষায় অন্তত ৮০টি ভুয়া ভিডিওর বিজ্ঞাপন দেখানোর সন্ধান পেয়েছে বিবিসি। এ ধরনের ভিডিও ডাক্তার থেকে শুরু করে গবেষক এবং সাধারণ মানুষকেও ভুল পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। জানা গেছে, কিছু ভুয়া ভিডিওর ভিউ এরই মধ্যে মিলিয়ন ছাড়িয়েছে। এই ভিডিওগুলো দেখে অনেকেই এ ধরনের চিকিৎসা পদ্ধতির প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, ক্যানসার সারানোর ওষুধ হিসেবে অনেকেই টারমেরিক এসিড বা বেকিং সোডা খাওয়ার কথাও বলেছেন। এমনকি অনেকেই গাধার দুধ কিংবা ফুটানো পানি খাওয়ার কথা বলেছেন, যেগুলো নাকি ক্যানসারের প্রতিষেধক হিসেবে কাজ করবে। কিন্তু এগুলোর পেছনে চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা নেই। চিকিৎসা বিজ্ঞান এখনো এমন ওষুধের কথা বলেনি ক্যানসার সারানোর জন্য। তবুও মাধ্যমটিতে এমন ভিডিও দেখা যাচ্ছে। এমন উদ্ভট ভিডিওগুলো খুবই জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং, হেনিজসহ আরও কয়েকটির ভিডিওতে বিজ্ঞাপন হিসেবে দেখানো হচ্ছে। এসব ভুয়া ও বিপথে চালিত করার মতো বিজ্ঞাপন থেকে গুগলের মতো প্রতিষ্ঠান আয় করায় প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বিষয়টিকে খুবই ভয়ংকর হিসেবেও তুলে ধরেছেন। গত জানুয়ারিতে ইউটিউব ঘোষণা করে, তাদের প্ল্যাটফরম থেকে বিভিন্ন ধরনের সমালোচিত ও ভুয়া ভিডিও সরাতে কাজ করছে তারা। এরপর মাধ্যমটি বেশ কিছু ভিডিও সরিয়েছে। কিন্তু একই সময় আবার প্রতিষ্ঠানটি ক্ষতিকারক এমন সব বিজ্ঞাপন দিচ্ছে। অবশ্য প্রতিষ্ঠানটি বলেছে, তারা ইতিমধ্যে এমন বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। কিন্তু বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, শুধু ইংরেজি ভাষার বিজ্ঞাপনগুলো সরানো হয়েছে। এখনো মাধ্যমটিতে পর্তুগিজ, রাশিয়ান, আরবি, ফারসি, হিন্দি, জার্মান, ইউক্রেনীয়, ফ্রেঞ্চ এবং ইতালিয়ান ভাষায় বিজ্ঞাপনগুলো দেখা যাচ্ছে।
