১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ এএম

বাংলাদেশের অর্থনীতিতে ১ হাজার কোটি ডলার (১০ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগকারীরা। দুবাইয়ের কনরাড হোটেলে আজ বাংলাদেশ ইকোনমিক ফোরমের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ২০টি নতুন বিনিয়োগ প্রকল্প বাংলাদেশ ইকোনমিক ফোরামের সামনে উপস্থাপন করা হবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ইউএইর বিনিয়োগকারীরা প্রকল্পগুলো নিয়ে আলোচনা করবেন।

ইউএইর অর্থনীতিতে বিনিয়োগকারীদের বেশিরভাগই বাংলাদেশি। ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া এখানে দেড় লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। 

ইউএই ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও শক্তিশালী করতে এই আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইকোনমিক ফোরামের দ্বিতীয় আয়োজনে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) কর্মকর্তাদের নিয়ে গঠিত ২০ সদস্যের সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমরা সব সময় চীন, জাপান ও যুক্তরাষ্ট্র থেকে বড় বিনিয়োগ দেখে আসছি। এখন জিসিসিভুক্ত দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের মাধ্যমে স্বল্প ব্যয়, অপারেশনস এবং উচ্চতর রিটার্নের সুবিধা নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের ন্যূনতম শ্রম ব্যয় ও খুব কম পরিচালন ব্যয়ে কার্যক্রম পরিচালনায় বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল ও ২৮টি হাইটেক পার্ক উন্নয়ন করেছি। ইউএই ও উপসাগরীয় দেশের বিনিয়োগকারীদের এই সুযোগগুলো নেওয়া উচিত।’

বাংলাদেশ ইকোনমিক ফোরামের সদস্য শেখ আবদুল কারিম বলেন, ‘একটি বেসরকারি পরামর্শক দল হিসেবে বাংলাদেশ ইকোনমিক ফোরাম বাংলাদেশি প্রকল্প অধিকারী ও বিনিয়োগকারীদের মধ্যে দূরত্ব ঘোচাতে প্রস্তুত। এটি সরকারি খাতে বিভিন্ন সংস্থা ও বিনিয়োগকারীদের মধ্যেও দূরত্ব দূর করে সব ধরনের বিনিয়োগ উদ্যোগকে সহায়তা দিতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত