আমেরিকা, কোরিয়া জাপানের জন্ম যে গ্রামে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৩ এএম

ভারতের বেঙ্গালুরু থেকে ৪১৯ কিলোমিটার দূরের গ্রাম ভদ্রপুর। এই গ্রামেই ‘জন্ম’ আমেরিকা, কোরিয়া, জাপানের। এমনকি এই গ্রামেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গুগল ও ফেইসবুকেরও জন্ম হয়েছে। বিশ্বাস না হলে একটু খোঁজ নিয়ে যাচাই করে দেখতে পারেন এই রিপোর্টের সত্যতা।

কর্নাটকের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছিল যাযাবর পিক্কি জাতির বাস। বিভিন্ন স্থানে ঘুরেফিরে আর শিকারের মাধ্যমে তাদের জীবন-জীবিকা চলত। বনের ফল, পাখি আর জীবজন্তু শিকার ছিল তাদের জীবন চালানোর অন্যতম উপাদান। কিন্তু ১৯৭০ সালে কর্নাটক সরকার বনে পাখি শিকার নিষিদ্ধ করে দেয়। পাখি শিকার বন্ধ করতে বন থেকে সরিয়ে দেওয়া হয় পিক্কিদের। প্রশাসনের পক্ষ থেকে পিক্কিদের জন্য আলাদা বসতি গড়ে দেওয়া হয়। এর পর থেকেই যাযাবর পিক্কিরা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।

গ্রামে থাকতে থাকতে ক্রমশ আধুনিক চিন্তাধারার সংস্পর্শে আসতে থাকে পিক্কিরা। এই জনগোষ্ঠীর অনেক শিশুই এখন গ্রামের সরকারি স্কুলে পড়ালেখা করে। আবার অনেকে গ্রাম ছেড়ে শহরেও চলে গেছেন। যদিও পিক্কিদের মন এখনো পড়ে আছে তাদের ফেলে আসা সবুজ বনাঞ্চলে।

পিক্কিদের মধ্যে নবজাতকের নামকরণ নিয়ে আছে ভিন্নধর্মী এক রীতি। সন্তান জন্মের পর তার মুখ দেখে প্রথমেই বাবার মনে যা আসবে, তাই হবে সন্তানের নাম। আগের দিনে সন্তানদের নামকরণ হতো পশু, পাখি বা বিভিন্ন ফলফলাদির নামে। কিন্তু আধুনিকতার ছোঁয়ার কারণে এখন নবজাতকদের নামে এসেছে ব্যাপক পরিবর্তন। পিক্কি বাবারা যেহেতু এখন বহির্বিশ্বের খবরাখবর রাখছেন তাই এখন ফুল-পাখি-প্রাণীর নামের জায়গায় দেওয়া হচ্ছে বিভিন্ন সেলিব্রেটি বা দেশের নাম। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের নামেও নামকরণ করা হচ্ছে সন্তানদের। শুধু তাই নয়, রাজনীতিকদের নামেও রাখা হচ্ছে নাম।

গুগল, হাইকোর্ট, ডলার, সুগার, কফি, মিলিটারি, সুপ্রিম কোর্ট, কংগ্রেস, ঘাস এমনকি আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশের নামেও সন্তানদের নামকরণ হয়েছে এই গ্রামে। অমিতাভ, সালমানের মতো সেলিব্রিটির ‘জন্ম’ যেমন এই গ্রামে হয়েছে, রয়েছে প্রচুর বিদেশি সেলিব্রেটিও। তবে কয়েক বছর আগে আমেরিকা, জাপানের মৃত্যু হয়েছে।

এই নামকরণের ফলে পিক্কিদের এখন আইনি ঝামেলায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি আদালত এই ধরনের নামকরণে ছাড়পত্র দিয়েছে। ফলে এই নামের ভোটার কার্ড, লাইসেন্স ও পাসপোর্টও তৈরি করতে পারছে পিক্কিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত