সাংবাদিকদের কাদের

ছাত্রদলের সম্মেলন স্থগিতের পেছনে বিএনপির নেতৃত্ব সংকট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪০ এএম

ছাত্রদলের সম্মেলন স্থগিত হওয়ার জন্য সরকার নয় বিএনপির নেতৃত্ব সংকট দায়ী বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্রদলের এই সংকটের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী। বিএনপির আজকের সংকট তাদের নিজেদের ব্যর্থতার জন্য। তাদের বিদ্বেষপ্রসূত রাজনীতি, তাদের নেতিবাচক রাজনীতি বিএনপিতে সংকট তৈরি করেছে।

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেখানে ‘জনগণের ক্ষমতায়ন দিবসের’ আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ যুবলীগ।

অনুষ্ঠানে সরকারের হস্তক্ষেপে ছাত্রদলের কাউন্সিলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে অভিযোগ করেছেন সে ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তারাই তাদের বিরুদ্ধে মামলা করল, মামলা করে সম্মেলন বন্ধ করে দেওয়া হলো। এখানেও নন্দ ঘোষ শেখ হাসিনার দোষ, এখানেও নন্দ ঘোষ আওয়ামী লীগের দোষ। নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন প- করেছে। আওয়ামী লীগ বা সরকারের এখানে দোষ কী? আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে?

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এই দেশে অনেকের আঁতে ঘা লাগে, যন্ত্রণা শুরু হয়। শেখ হাসিনার উন্নয়ন অর্জন ও তার অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতির জন্য সংকটের কালো ছায়া নেমে এসেছে।’

দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের অনেক মন্ত্রী দুদকে হাজিরা দিচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই এসব সম্ভব হয়েছে। আমাদের দলের সবাই চকবাজারের ইমাম এ কথা বলব না, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতা করব। এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। আপনারা আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনাম রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা প্রাসঙ্গিক না কেন?

যুবলীগ চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরী মাসব্যাপী কর্মসূচির কথা জানিয়ে বলেন, ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ১১ সেপ্টেম্বর উত্তর যুবলীগ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনগণের ক্ষমতায়ন দিবসের কর্মসূচি পালন করেছে। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা জেলা ও ১৭ সেপ্টেম্বর গাজীপুর জেলায় এই দিবস পালন করা হবে। এ ছাড়া সারা দেশে জেলা উপজেলায় ২৮ সেপ্টেম্বর জনগণের ক্ষমতায়ন দিবস পালন করা হবে।

দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত