উড়ন্ত শুরু বুঝি একেই বলে! আফগানিস্তানের বিপক্ষে টস হেরে বোলিং পেয়েছে বাংলাদেশ। যদিও সাকিব আল হাসান বলছিলেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনি। বোলিং পাওয়ায় একটু কি মন খারাপ হলো টাইগার অধিনায়কের? যদি সেটি হয়েই থাকে তবে তা ঘুচে দিলেন সাইফউদ্দিন। অসাধারণ এক ডেলিভারিতে প্রথম বলেই দলকে এনে দিলেন সাফল্য।
সাইফউদ্দিনের এনে দেওয়া সাফল্যের পরই অন্য প্রান্ত থেকে বোলিং করতে এসে উইকেট পেলেন সাকিব আল হাসানও। তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় শিকার তুলে নিলেন সাইফউদ্দিন। প্রথম তিন ওভারে ৩ উইকেট পেল টাইগাররা। আফগানরা তাতে শুরুতে কোণঠাসা।
সাইফউদ্দিনের করা ইনিংসের প্রথম বলটি যেন বুঝতেই পারলেন না দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা রজমানউল্লাহ গুরবাজ (০)। অফস্টাম্প উপড়ে দিল বলটি। ক্রিকইনফো যে বলের বর্ণনা দিতে গিয়ে প্রথমেই লিখল- আনপ্লেয়েবল। পরের ৫ বলে ৫ রান দিলেন সাইফউদ্দিন।
সাকিব নিজের প্রথম ওভার করতে এসে তুলে নিলেন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। ওভারের চতুর্থ বলে লিটন দাসকে ক্যাচ দেন জাজাই (১)। পরের ওভারে সাইফউদ্দিন তুলে নেন নাজিব তারাকাইকে।
দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নেমে তারাকাই একটু হাত খোলে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু তৃতীয় ওভারের শেষ বলে সাইফউদ্দিনকে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ হন তিনি। ফেরেন ১১ রানে।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। প্রথম ৫ ওভার শেষে আফগানদের স্কোর ৩৪/৩। গত শুক্রবার জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। অন্যদিকে শনিবার জিম্বাবুয়েকে ২৮ রানে হারায় আফগানরা।
টেস্টে আফগানদের বিপক্ষে হারের পর এবার টি-টোয়েন্টির লড়াই। এই ফরম্যাটে আফগানরা আরো বেশি ভয়ংকর। বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়েও এগিয়ে দেশটি। দুই দল সর্বশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল গেল বছর ভারতে। তিন ম্যাচের সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হয় সেবার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।
